ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে প্রযুক্তি উৎসব শুরু ৪ ডিসেম্বর

আগামী ৪ ও ৫ ডিসেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে ‘সিএসই উৎসব- ২০১৫’। প্রাইভেট বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের চতুর্থবারের এই আয়োজনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নানা রকম ইভেন্টে অংশগ্রহণের সুযোগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উৎসবটিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে ‘বট-বল’ নামক রোবটিক্স প্রতিযোগিতা, সাথে থাকছে আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা এবং বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। অন্যদিকে, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্ক প্রতিযোগিতা এবং আইটি অলিম্পিয়াড।

দুইদিন ব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ আইসিটি মেলা। এতে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণন ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। শিক্ষার্থীদের সর্বাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তি শিল্পের সাথে পরিচয় করিয়ে দিতে উৎসবটির আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

উৎসবটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাঙলা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য এই ঠিকানায় ক্লিক করুন।