ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বর্তমান সময়ের চমকজাগানো পণ্য হিসেবে গণ্য হয়ে আসছে। আগামী দিনগুলোতে গেমসহ কম্পিউটিংয়ের নানা ক্ষেত্রে এই ডিভাইস জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করবে বলেও মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি প্রযুক্তি পণ্য নির্মাতাই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি নিয়ে কাজ করে যাচ্ছিল। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং গত বছরে ডেভেলপারদের জন্য একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বাজারেও ছাড়ে। তবে এ বছরে সর্বস্তরের ব্যবহারকারীদের জন্য এমন হেডসেট বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছিল তারা।
সেই ঘোষণা অনুযায়ীই স্যামসাংয়ের ‘গিয়ার ভিআর’ নামের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবারে বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। স্যামসাংয়ের নিজস্ব অনলাইন স্টোর ছাড়াও অ্যামাজন এবং বেস্ট বাই ওয়েবসাইটে এর মধ্যে গিয়ার ভিআরের প্রি-অর্ডারের সুযোগ চালু হয়েছে। ১০০ ডলারের এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের প্রচারণা নিয়ে স্যামসাংয়ের সাথে কাজ শুরু করেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকও। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতে স্যামসাংয়ের গিয়ার ভিআর ভিডিও গেম খেলা, সিনেমা দেখা ছাড়াও বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি এই হেডসেটটি স্যামসাংয়ের আগের সংস্করণের হেডসেটের চাইতে হালকা-পাতলা এবং সহজে ব্যবহারযোগ্য। পিসি ছাড়াও স্যামসাংয়ের নতুন সব স্মার্টফোনের সাথেও কাজ করবে এই হেডসেট। গ্যালাক্সি নোট ৫, গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি এস৬ এজ, গ্যালাক্সি এস৬ এজ প্লাস প্রভৃতি ফোনের সাথে কাজ করবে এই হেডসেট। এসব স্মার্টফোনের সাথে হেডসেটটি সংযুক্ত করে নিলে ফোনের গেমগুলোও মাথার নড়াচড়ার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে।
স্যামসাং জানিয়েছে, তাদের এই হেডসেটের পূর্ণ সুবিধা নেওয়ার জন্য এরই মধ্যে বেশকিছু অ্যাপ নির্মাতার সাথে তাদের কথা হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাপও তৈরি করছেন। মুভি-স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স ছাড়াও ভিডিও গেম নির্মাতারাও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের উপযোগী বিভিন্ন অ্যাপ তৈরি করেছেন। এর মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের জন্য একটি অ্যাপ স্টোরও চালু করা হয়েছে যাতে রয়েছে শতাধিক অ্যাপ। ফলে গিয়ার ভিআরের সাফল্য নিয়ে স্যামসাং বেশ আশাবাদী।