মৃত্যুদণ্ডের বিকল্প চায় তুরস্ক, ফাঁসি কার্যকরে উদ্বেগ

যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। একইসঙ্গে মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প পদ্ধতি খুঁজতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

গত রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই নেতা তাদের আইনি অধিকার বলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ও তাদের আবেদন বাতিল হওয়া এবং এখনো মৃত্যুদণ্ডের চর্চা অব্যাহত থাকা উদ্বেগজনক। তুরস্ক মৃত্যুদণ্ড বিলোপ করেছে। অতীতের ক্ষত এ ধরনের পদ্ধতির মাধ্যমে পূরণ করা সম্ভব নয় বলে তুরস্ক বিশ্বাস করে। তুরস্ক আশা করে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ শিগগিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য পদ্ধতি বেছে নেবে। যা কি না সামাজিক পুনঃএকত্রীকরণের উদ্দেশ্য পূরণে আরো ভালো কাজ করবে।