সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ২৩৮টি জ্বালানিবাহী ট্রাক যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংস হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতির সূত্রে এ খবর জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে, ট্রাকগুলোকে একসঙ্গে পার্ক করা অবস্থায় দেখতে পায় যুক্তরাষ্ট্রের পাইলটরা। আল হাসাকাহ্ ও দায়ির আজ জাওরের কাছে একটি তেল শোধনাগারের কাছে জ্বালানি ভরার অপেক্ষায় ছিল সেগুলো।
লরিগুলো ধ্বংসের আগে সেগুলোর বেসামরিক চালকদের সরে যেতে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। এই হামলার ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ।
IMG0
একই ধরনের অপর একটি হামলায় গত সপ্তাহে ১১৬টি তেলবাহী ট্রাক ধ্বংস করা হয়েছিল। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, এই হামলাটি অনেকভাবেই আমাদের শেষ হামলাটির মতো। সতর্কতামূলক গুলিবর্ষণের পাশাপাশি ট্রাক ছেড়ে চলে যাওয়ার জন্য চালকদের উদ্দেশে লিফলেটও ছাড়া হয়।
সিরিয়া ও ইরাকে দখল করা তেলক্ষেত্র গুলোর তেল বিক্রি থেকে আইএস প্রচুর আয় করে থাকে। হামলায় বেসামরিক কারো নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডেভিস। গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়ে ১৩০ জন বেসামরিককে হত্যার পর সিরিয়া ও ইরাকে আইএসের অবস্থানের উপর হামলার মাত্রা বহুগুণ বাড়ানো হয়েছে। আইএস প্যারিস হামলা দায় স্বীকার করেছে। বিবিসি।