ঢাকা শহরের বাসা-বাড়িতে সরবরাহকৃত গ্যাসের প্রেসার (চাপ) সঠিকভাবে অব্যাহত রাখার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মোহম্মদ নুরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত রিট নিষ্পত্তি করে এই রায় দেয়।
২০১১ সালে জানুয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে ঢাকার সরবরাহকৃত গ্যাসের প্রেসার কম থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ।
আবেদন বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে গ্যাসের প্রেসার কম থাকায় বাসাবাড়িতে রান্নার কাজ করা সম্ভব হয় না। এজন্য সঠিকভাবে সরবরাহকৃত গ্যাসের প্রেসার ঠিক রাখার নির্দেশ চেয়ে আদালতে আবেদন জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে।
রুলের জবাবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আদালতে জানায়, ঢাকার গ্যাসের প্রেসার বৃদ্ধির জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কমপ্রেসার স্থাপন করা হয়েছে। এই কমপ্রেসার স্থাপনের ফলে ঢাকাবাসী গ্যাসের প্রেসার সঠিকভাবে পাবেন।
আদালত আজ শুনানি নিয়ে সরকারকে বাসা-বাড়িতে সরবরাহকৃত গ্যাসের প্রেসার সঠিকভাবে অব্যাহত রাখার নির্দেশ দেয়।