চাঁদপুরে নাজমা বেগমের ওপর এসডি নিক্ষেপ

৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ

 
চাঁদপুরের কচুয়া থানার নাজমা বেগমের ওপর এসিড নিক্ষেপকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের গ্রেফতার করে এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনে দাখিল করতে কচুয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
 
গত ২ অক্টোবর নাজমা বেগমের ওপর এসিড নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে রিট করেন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ।
 
ঐ রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এসিড অপরাধ দমন আইনে আসামি গ্রেফতারের পাশাপাশি ভিকটিম নাজমা বেগমের জবানবন্দি গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সুস্থ না হওয়া পর্যন্ত তার যাবতীয় চিকিত্সা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়া হয়েছে।