যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আইএসের সমন্বয়ক সাখাওয়াতুল কবিরসহ সংগঠনের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিচার কার্যক্রম শুরু হলো।
মঙ্গলবার সকালে সাখাওয়াতুল কবিরসহ চারজনকে কারাগার থেকে আদালতে আনে রাষ্ট্রপক্ষ। অভিযোগপত্রে সাখাওয়াতকে জঙ্গি সংগঠন আইএসের সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক একেএম কামরুল আহসান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জানুয়ারি যাত্রাবড়ী থানার খানবাড়ী চৌরাস্তায় মৃত মো. খানের বাড়িতে জেএমবি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের দিক নির্দেশনায় সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠক করছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে জিহাদি প্রচারপত্র, ল্যাপটপ ও ভিডিও জব্দ করা হয়।
গত ১৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম।