এরশাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বার্নিকাট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ ২৪শে নভেম্বর জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে রাষ্ট্রদূত বার্নিকাট জনাব এরশাদকে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে, চরমপন্থীদের হুমকি মোকাবেলার কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে। এবং এর সমাধানে অংশীদারদের সাহায্য করার বিষয়টিও পুনরায় ব্যক্ত করেছেন তিনি।

এছাড়াও রাষ্ট্রদূত বার্নিকাট জোর দিয়ে বলেছেন যে, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও আমেরিকান জনগণের এবং বাংলাদেশ ও বাংলাদেশি জনগণের কল্যাণ বয়ে আনে। এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়’।

এরশাদের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বার্নিকাট আরো বলেন যে, ‘আমাদের দু’দেশকে যে সাধারণ সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় তা মোকাবেলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি’।