গ্রেফতার হতে পারেন আমির!

 
গ্রেফতার হতে পারেন আমির! এই প্রসঙ্গই এখন টক অব দ্য ইন্ডিয়া। ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর একের পর এক আক্রমণ ধেয়ে আসছে আমিরের দিকে। তার ধারাবাহিকতায় এবার তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হল।
 
যদিও মধ্যপ্রদেশের অশোক নগর থানায় আমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ‘পিকে’ সিনেমায় তিনি পুলিশকে অপমান করে কথা বলেছিলেন। তবে সবার ধারণা অসহিষ্ণুতা ইস্যুতে কার্যত বোমা ফাটানোর কারণেই আমিরের বিরুদ্ধে থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমির বলেন, সমাজের গভীরে এমনকি তার পরিবারেও 'নিরাপত্তাহীনতা ও ভয়' ঢুকে গেছে। তিনি বলেন, 'কিরণ (আমিরের স্ত্রী) ও আমি সারাজীবন ভারতেই কাটিয়েছি। অথচ প্রথমবারের মতো সে আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ? সে আমাদের সন্তানদের নিয়ে ভয় পাচ্ছে। আমাদের চারপাশের পরিবেশ কেমন হবে তা নিয়ে তার ভয়। প্রতিদিন খবরের কাগজ খুলতে সে ভয় পায়। এতে এটাই প্রতীয়মান হয়, দেশে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।'
 
এদিকে, আমিরের মন্তব্যে বিজেপি প্রতিক্রিয়ায় বলেছে, যে কোনও ব্যক্তি দেশ ছেড়ে যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমিরের মতো এত জনপ্রিয় এক তারকার মুখে এটা শোভা পায় না। এটা দেশের অন্যান্য নাগরিকদের অসহিষ্ণু করে তুলতে পারে।
 
অন্যদিকে, অভিনেতা ঋষি কাপুর আমিরকে উদ্দেশ্য করে বলেছেন, কোনও কিছুতে সমস্যা হলে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সেখানে থেকে সমস্যাটা দূর করারই চেষ্টা করা উচিত।