খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে বুধবার। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চার হাজারেরও বেশি অতিথির জন্য বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর দুইটা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে শোভাযাত্রাসহ আগমন করবেন। দুপুর তিনটা আট মিনিটে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
তার আগমন উপলক্ষে বর্তমানে গোটা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের দর্শনীয় স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পোর্টেট ছবি শোভা পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠান স্থলসহ গোটা ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে।