যুক্তরাজ্যে প্রতি আট শিশুর মধ্যে একজনই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে সেখানে যে হারে শিশু নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে তার প্রকৃত সংখ্যা অনেকগুন বেশি। সে হিসাবে হাজার হাজার শিশু নির্যাতনের চিত্র রয়ে যাচ্ছে লোকচক্ষুর অন্তরালে।
দেশটির পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত সেখানে শিশু নির্যাতনের যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা গেছে ওই সময়ে ৫০ হাজার শিশু নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু গবেষণায় দাবি করা হয়েছে, এ সংখ্যা অনেকগুণ বেশি। শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘চিলড্রেন কমিশনার’এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ে শিশু নির্যাতনের সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার। সে হিসাবে শতকরা ৮৫ ভাগ নির্যাতনেরই কোন খবর নেই।
গবেষণায় বলা হয়েছে পারিবারিক লোকলজ্জার কারণেই এ জিনিসগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, পুলিশ, সমাজ সেবার বিভিন্ন সার্ভিস এবং স্কুলগুলো এ বিষয়গুলো কীভাবে করছে তা দেখভালের জন্য একটি টাস্কফোর্স ইতিমধ্যে গঠন করা হয়েছে।
দুই তৃতীয়াংশ শিশু নির্যাতনই পারিবারিক পরিবেশে কিংবা ঘনিষ্ঠজনদের কাছ থেকে হয়ে আসছে। ৭৫ ভাগ কিশোরীই এসবের শিকার হচ্ছে। শিশুরা এ ব্যাপারে তার পরিবার কিংবা অন্য কাউকে জানালেও এতে তার কোন প্রতিকার হচ্ছে না। সংস্থাটির প্রধান অ্যানে লংফিল্ড বলেন, এ বিষয়গুলো আমাদের জরুরিভিত্তিতে চিহ্নিত করার সময় এসেছে। সূত্র: বিবিসি