নারীর ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই: ইনু

 
ধর্মান্ধতা, কুসংস্কার, পুরুষতান্ত্রিকতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এসব বাধা দূর করতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই।’
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রিপ ট্রাস্ট আয়োজিত ‘অপরাজিতা: নারীর রাজনীতির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির ‘অন্তরায় ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
 
হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চারটি যুদ্ধের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশ পরিবর্তনের অভিঘাত ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে বিজয়ের সঙ্গে নারী ক্ষমতায়ন ওতপ্রোতভাবে জড়িত।’

খবর ফোকাস বাংলার।