১২ বছর পুরনো মামলা ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ

বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এছাড়া এক যুগেও কেন মামলাটির বিচার শেষ হলো না তা ৪৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র ও আইন সচিবকে বলা হয়েছে। এক আসামির জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
আদেশে বলা হয়, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলির গাফিলতি আছে কিনা তা তদন্ত করে সচিবগণকে প্রতিবেদন দিতে হবে। প্রসঙ্গত মামলাটি বর্তমানে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এ বিচারাধীন রয়েছে।
 
২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ায় একটি ইটভাটার পাশে ট্রাক থেকে ৭.৬২ এলএস চাইনিজ রাইফেলের প্রায় ৪৫ হাজার রাউন্ড গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
 
২০০৩ সালের ১১ সেপ্টেম্বর ছয়জনকে আসামি করে পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার আসামি ট্রাক মালিক আশীষ দেব বর্মা গত ২৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তিনি বিচারকি আদালতে জামিন চাইলে তা নাকচ হয়। জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন তিনি।
 
আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়ে উপরোক্ত আদেশ দেয়।