‘যৌথ প্রযোজনা ছবির বিরুদ্ধে অ্যাকশন’

 
চিত্রনায়ক অমিত হাসান। এক সময়ের অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে নায়ক তিনি। এখন পর্যন্ত নিয়মিত চলচ্চিত্র করছেন। যৌথ প্রযোজনার চলচ্চিত্রে সম্প্রতি অভিনয় করলেন তিনি। তবে এ নিয়ে অভিযোগও রয়েছে তার। চলচ্চিত্র ব্যবসা ও যৌথ প্রযোজনা নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তফিজ মিঠু।
 
এখনকার ব্যস্ততা?
এখন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি নিয়ে ব্যস্ত আছি। এছাড়াও আরও কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু করবো। যৌথ প্রযযোনার দু’টি চলচ্চিত্র করলাম, ‘অঙ্গার’ ও ‘ব্ল্যাক’। ছবি দু’টি মুক্তির অপেক্ষায় আছে।
যৌথ প্রযোজনা নিয়ে অনেক অভিযোগ উঠছে কিন্তু শিল্পী সমিতি থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ি সমান সমান সবকিছু হতে হবে। কিন্তু তেমনটা এখন দেখা যাচ্ছে না। আমরা যখন অভিনয় করি তখন সব ঠিক থাকলেও পরবর্তীতে তা অনেকটাই পাল্টে যাচ্ছে। তবে এবার শিল্পী সামিতি উদ্যোগের জন্য প্রস্তুত। পরবর্তীতে যদি নিয়ম না মেনে নির্মাণ করা হয়, তবে যৌথ প্রযোজনা ছবির বিরুদ্ধে অ্যাকশনে যাবে শিল্পী সমিতি।
পেশাদার প্রযোজকও দিনদিন কমে যাচ্ছে। এ প্রসঙ্গে কী বলবেন?
আমাদের চলচ্চিত্রের জন্য এটি এখন অনেক বড় একটি সমস্যা। আর অন্যতম কারণ চলচ্চিত্র ব্যবসার মন্দা। সম্প্রতি প্রযোজক সমিতিতে এ বিষয়ে মিটিং করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
আপনি আবারও প্রযোজনায় আসছেন কবে?
ওই যে বললাম চলচ্চিত্র ব্যবসার মন্দা। তাই এখন চাইলেও হচ্ছে না। ২০১৩ সালে আমার প্রযোজনার শেষ ছবি মুক্তি পায়। তবে আমার পরিকল্পনা আছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই নতুন কোনো ছবি প্রযোজনা করবো।