একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের যুক্তি উপস্থাপন শুরু হচ্ছে ৩০ নভেম্বর। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য এই দিন ধার্য করে দেন।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালত বলেছে, ৩০ নভেম্বর, ১ ও ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে ৭ ডিসেম্বর। আসামিপক্ষ এর উত্তর দেবে ৮ ডিসেম্বর।
এর আগে বুধবার ষষ্ঠ দিনের শুনানিতে আসামিপক্ষ পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন শেষ করে। এদিন নিজামীর পক্ষে তার আইনজীবী এস এম শাজাহান পেপারবুক থেকে তদন্তকারী কর্মকর্তার বক্তব্য ও আসামিপক্ষের চার সাক্ষীর বক্তব্য উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল।
ঐ রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্রসহ নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়। সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ।