ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
তবে এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ওই হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এক ভারতীয় সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, কাশ্মিরকে ভারত ও পাকিস্তানের মাঝে বিভক্তকারী সীমান্তরেখা লাইন অব কন্ট্রোল (এলওসি) এর পার্শ্ববর্তী তাঙ্গধর সেনা ক্যাম্পে বুধবার তিন জঙ্গি অতর্কিতে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক ভারতীয় সেনা নিহত হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল সোয়া ৬টা থেকে পরবর্তী পাঁচ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভোরে তিন থেকে চার হামলাকারী তাঙ্গধর সেনা ব্যাটেলিয়ন সদরদপ্তরে পেছন দিক থেকে হামলা চালায়। হামলায় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করে তারা। এই এলাকাটি আঞ্চলিক রাজধানী শ্রীনগর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘাঁটিটিতে ৮০ জন সেনা ছিলেন।
হামলায় ক্যাম্পের কয়েকটি যানবাহন ও ব্যারাক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা তাঙ্গধর ক্যাম্পের বেড়া কেটে ভিতরে প্রবেশ করেছে। তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে’।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা আরো জানান, তিন সশস্ত্র হামলাকারী ও এক বেসামরিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই বেসামরিক ব্যক্তি সেনা ঘাঁটিটিতে কাজ করতেন।
হামলাকারীরা একে-৪৭ রাইফেল নিয়ে অফিসার্স মেসের ভেতরে অবস্থান নেয় এবং একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এতে একব্যক্তি আহত হয়েছেন। গেল সপ্তাহে এই এলাকাটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কুপওয়ারা এলাকায় সন্ত্রাসবিরোধী এক অভিযান চলাকালে কথিত সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৩৮ বছর বয়সী সেনা কর্নেল সন্তোষ মাহাদিক নিহত হন।