তিনি বলেন, শিক্ষক যখন তাঁর মহান আদর্শ থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই আদর্শের প্রতি অবিচল থেকে জ্ঞান ও বিতরণে শিক্ষকমন্ডলী নিবেদিত থাকবেন জাতি তা প্রত্যাশা করে। শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে শিক্ষকদের দায়িত্ব সীমাবদ্ধ না রেখে ছাত্র-ছাত্রীদের প্রতি আরো মনোযোগী হওয়ার আহবান জানান তিনি। আদর্শ শিক্ষক গবেষক জাতির মূল্যবান সম্পদ অনুসরণীয় আদর্শ। শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞা ভবিষ্যত্ জাতি গঠনের অন্যতম নিয়ামক শক্তি। তাই শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন, দক্ষ, অভিজ্ঞ ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগী শিক্ষকমন্ডলী, যারা নিজেরা নিরন্তর সর্বশেষ জ্ঞান চর্চায় রত থাকবেন এবং তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। তবে বাস্তব অবস্থার নিরিখে দেখা যায় আমাদের শিক্ষাব্যবস্থায় সর্বস্তরেই প্রয়োজনের তুলনায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। এ অবস্থা দূরীকরণে শিক্ষাঙ্গনে প্রকৃত শিক্ষানুরাগীদের নিয়োগের পাশাপাশি তাদের উচ্চতর গবেষণা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।’