দেশজুড়ে ঘুরছে বাপজানের বায়োস্কোপ

 
মুক্তির প্রহর গুনছে রিয়াজুল রিজুর প্রথম চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও মিলেছে। আসছে মাসেই মুক্তি  পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। তাই এবার দেশজুড়ে চলছে বাপজানের বায়স্কোপ এর  প্রচারণার কাজ। যার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে একটি বায়স্কোপ নিয়ে ছুটে চলেছেন ছবির প্রচারণায় থাকা দলটি।
 
আগামী ডিসেম্বরেই মুক্তি  পেতে চলেছে নতুন চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ। এই মুহূর্তে চলছে প্রচারণার কাজ। যার অংশ হিসেবে ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়েছে বাপজানের বায়স্কোপ টিম।
 
বর্তমানে পাবনায় প্রচারণার কাজ চলছে। সবশেষে রাজধানী ঢাকা ও আশেপাশে প্রচারণা চালাবেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে প্রচারণা  কৌশলে এনেছেন পরিবর্তন।
 
এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা রিয়াজুল রিজু বলেন,  ‘সেন্সর প্রাপ্তির পরপরই আমরা প্রচারণায় নেমেছি। তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে একজন বায়স্কোপওয়ালাকে টিমের সঙ্গে যুক্ত করেছি। সেখানেই আমাদের টিম যাবে, সেখানেই বায়স্কোপ প্রদর্শিত হবে’।