আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ ১৪ দলীয় জোটগতভাবে না এককভাবে হবে সেটি আজ বৃহস্পতিবার চূড়ান্ত করবে আওয়ামী লীগ। একই সঙ্গে প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন কোন প্রক্রিয়ায় দেয়া হবে তাও চূড়ান্ত করা হবে।
সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এক জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ এ দুটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটি মনে করে, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, পুড়িয়ে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালানোর জবাব জনগণ স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে দিয়ে দেবে।
অপরদিকে জোটগতভাবে নয়, এককভাবে পৌর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়ায় জোটের শরিক দলগুলোও পৃথকভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কমিশন আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সম্প্রতি তফসিল ঘোষণা করেছে। আর এ নির্বাচন উপলক্ষে চাঙ্গাভাব বিরাজ করছে তৃণমূলের রাজনীতিতে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তত্পরতা। তবে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেয়ার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। এদিকে পৌরসভা নির্বাচনে প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের আত্মীয়স্বজনের প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণার বিষয়টি ইতোমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গ্রহণযোগ্য নেতা-কর্মীদের প্রাধান্য দেয়া হবে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে। সত্, যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের শরিকদের বিষয়ে আসন বণ্টন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন জানান, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে নাকি এককভাবে অংশ নেবে সেই সিদ্ধান্তও আজকের বৈঠকে চূড়ান্ত হবে।
১৪ দলীয় জোটের শরিক জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া জানান, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ জোটগতভাবে হওয়ার সম্ভাবনা নেই। তাই দলীয়ভাবে একক প্রার্থী মনোনয়ন দেয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাসদ। ১৪ দলীয় জোটের আরেক শরিক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক জানান, জোটগতভাবে পৌরসভা নির্বাচন যে হচ্ছে না সেটা নিশ্চিত। তাই শরিক দল হিসেবে ওয়ার্কার্স পাটিও প্রার্থী মনোনয়ন দেয়ার প্রস্তুতি গ্রহণ করেছে।