সম্প্রতি বিক্রি করা ডেলের বেশকিছু ল্যাপটপে রয়েছে নিরাপত্তাজনিত ত্রুটি যার কারণে এসব ল্যাপটপ সহজেই সাইবার অপরাধীদের কাছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিতে পারে। এসব ল্যাপটপে প্রি-ইনস্টলড হিসেবেই এমন একটি প্রোগ্রাম যা সাইবার অপরাধীদের ল্যাপটপে থাকা এনক্রিপটেড মেসেজও পড়ার সুযোগ করে দেবে। শুধু তাই নয়, এই প্রোগ্রামটি ল্যাপটপের ওয়েব ব্রাউজার থেকেও বিভিন্ন নকল ও ক্ষতিকর ওয়েবসাইটে ব্যবহারকারীকে রিডাইরেক্ট করে দিতে পারে। আর এই প্রোগ্রামটি ব্যবহারকারীকে নিজ উদ্যোগে আনইনস্টল করে নিতে হবে। ডেলের পক্ষ থেকে এই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে এবং এর জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে।
গোটা বিষয়টিই অসেচতনভাবেই ঘটেছে বলে দাবি করেছে ডেল। রয়টার্সকে দেওয়া এই বিষয়ক এক বার্তায় ডেলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্রেতাদের উন্নত, দ্রুততর ও সহজ অভিজ্ঞতা প্রদান করার জন্যই এই প্রোগ্রামটি বিল্ট-ইন হিসেবে বেশকিছু ল্যাপটপে ইনস্টল করে দেওয়া হয়েছিল। তবে এর সফটওয়্যার সার্টিফিকেট একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে যা সত্যিকার অর্থেই অনাকাঙ্ক্ষিত। এর জন্য এখন ক্রেতাদের কাছে আমাদের দুঃখপ্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই।’
তবে ঠিক কতগুলো ডেল ল্যাপটপ এই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ডেল। কীভাবে এই নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে অবশ্য ডেল তাদের ওয়েবসাইটে নির্দেশনা প্রদান করেছে।
এই প্রোগ্রামটি যাতে নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যায়, তার জন্য ডেলের পক্ষ থেকে একটি সফটওয়্যার আপডেট প্রকাশের জন্য কাজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে ডেলের পক্ষ থেকে।
ডেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলেও ডেলের ক্রেতা এবং প্রযুক্তি বিশ্লেষকদের তোপের মুখে রয়েছে মার্কিন পিসি নির্মাতা কোম্পানিটি। মার্কিন প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা আইডিসির তথ্য অনুযায়ী ডেল চলতি বছরের তৃতীয় চতুর্ভাগে প্রায় এক কোটি ল্যাপটপ বিক্রি করেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম এই পিসি নির্মাতার তাই নিরাপত্তা ঝুঁকি নিয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল বলে মন্তব্য করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে চীনের পিসি নির্মাতা লেনোভোর ল্যাপটপেও ‘সুপারফিশ’ নামে একই ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা প্রোগ্রামের দেখা মিলেছিল।