ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দেওয়ার জন্য (আইএস) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত নিজ বাড়ি ছেড়ে পালিয়ে আসা কিশোরীকে পিটিয়ে হত্যা করেছে জঙ্গি সংঠনটির সদস্যরা। আইএস জঙ্গিদের নির্মম হত্যালীলায় অতিষ্ঠ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সামরা কেসিনোভিচ নামের ওই কিশোরীকে হত্যা করা হয়।
সামরা কেসিনোভিচ (১৭) গত বছর তার বন্ধু সাবিনা সেলিমোভিচকে (১৫) নিয়ে ভিয়েনা থেকে সিরিয়ায় পাড়ি জমায়। সেখানে তারা দুই আইএস জিহাদিকে বিয়েও করে। এরা দু’জনই বসনিয়ান মুসলিম বংশোদ্ভূত অস্ট্রিয় নাগরিক। ৯০-র দশকের বসনিয় যুদ্ধের সময় তাদের পরিবার অস্ট্রিয়ায় পালিয়ে আসে।
আইএসে যোগ দেওয়ার পর ওই দুই কিশোরী জঙ্গি সংগঠনটির ‘পোস্টার গার্ল’ হিসেবে পরিচিতি পায়। আইএস তাদের অনলাইন প্রচারণা সাইটগুলোতে পোস্টারে ওই দুই কিশোরীর ছবি ব্যবহার করতে থাকে। ছবিতে ওই দুই কিশোরীকে কালাশনকিভ রাইফেল হাতে পোজ দিতে দেখা যায়। আর তাদেরকে ঘিরে রয়েছে সশস্ত্র কয়েকজন পুরুষ জঙ্গি।
কিন্তু গত বছরের অক্টোবরেই ওই দুই কিশোরীর বন্ধুদের বরাতে খবর বের হয় যে, মিস কেসিনোভিচ আইএস জঙ্গিদের নির্মম হত্যাকাণ্ড দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েছেন।
অস্ট্রিয়ার গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিয়ার রাক্কায় অবস্থিত আইএস এর সবচেয়ে শক্তিশালি ঘাঁটি থেকে পালানোর চেষ্টাকালে জঙ্গিরা মিস কেসিনোভিচকে হত্যা করে। কিন্তু অস্ট্রিয়ার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। টাইমস অব ইন্ডিয়া।