সাইবেরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

সাইবেরিয়ায় রাশিয়ার একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। হতাহতদের সকলেই বেসামরিক নাগরিক।
 
বৃহস্পতিবার মস্কোর প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলীয় ইগারকা শহরের উপকণ্ঠে এম-৮ নামের ওই হেলিকপ্টাটি বিধ্বস্ত হয়।
 
আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘এ মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
 
কর্তৃপক্ষ জানায়, ইগারকা বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর গ্রিনিচ মান সময় ৪ টায় এ হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
 
রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা জানায়, হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। 
 
-বাসস