আইএসবিরোধী যুদ্ধে ফ্রান্সের পাশে থাকবে জার্মানি

যুক্তরাষ্ট্রের পর জার্মানিও ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার করেছে।
 
প্যারিসে হামলার পর ওলাঁদ ইরাক ও সিরিয়ায় আইএস ধ্বংসে জোট গড়ার প্রচেষ্টা জোরদার করেছেন। যদিও রাশিয়ার ও তুরস্কের মধ্যকার কুটনৈতিক টানাপোড়েনের কারণে এ প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
 
আর এ প্রেক্ষাপটেই প্যারিসে ওলাঁদের সাথে বৈঠকের পর বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ফ্রান্সের পাশে থাকার এ অঙ্গীকার করেন।
 
ওলাদঁ বলেন, তিনি আশা করেন ইরাক ও সিরিয়ায় আইএস দমনে জার্মানি অনেক বেশি কিছু করবে।
 
এর জবাবে মের্কেল সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহায়তার জন্যে দ্রুততার সাথে অতিরিক্ত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
 
ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের চেয়ে আমরা শক্তিশালী হবো।
 
এর আগে উভয় নেতার প্রত্যেকে প্যালেস দ্য লা রিপাবলিকে গোলাপ ফুল দিয়ে প্যারিস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। প্যালেস দ্য লা রিপাবলিকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে প্যারিসবাসীর অনেকেই হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।
 
প্যারিসে গত ১৩ নভেম্বরের হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছে। জঙ্গি গ্রুপ ইসলামী স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
 
এদিকে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আইএসবিরোধী যুদ্ধে অংশ গ্রহণরত ফরাসী বাহিনীকে সহায়তার জন্য জার্মানি বুধবার ৬শ ৫০ জন সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
 
এদিকে প্যারিস হামলার প্রেক্ষাপটে আইএসবিরোধী জোট গড়ার জন্যে কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফ্রাঁসোয়া ওলাঁদ বৃহস্পতিবার মস্কো যাচ্ছেন। এর আগে ওয়াশিংটন সফরকালে ওলাঁদ প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে আইএস দমনে কিছু দৃঢ় অঙ্গীকার পান।
 
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন দেশে বিদেশে নিরাপত্তার জন্যে আইএসকে সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি আইএসের বিরুদ্ধে ব্রিটেনের বিমান হামলা আরো বাড়ানোর প্রস্তাব পার্লামেন্টে তুলে ধরবেন। আগামী সপ্তাহে এ বিষয়ে ভোটাভুটি হবে।
চলতি সপ্তাহে তুরস্ক রুশ বিমান ভূপাতিত করায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এতে ওলাঁদের আইএসবিরোধী বৃহত্তর জোট গড়ার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়।
 
তুরস্কের সেনাবাহিনী বুধবার বলেছে, রাশিয়াকে সব ধরনের সহায়তার জন্য তারা প্রস্তুত। ভূপাতিত করা বিমানটি যে রাশিয়ার ছিল তা তাদের জানা ছিল না। তবে রাশিয়া একে পরিকল্পিত উস্কানি হিসেবে উল্লেখ করেছে। 
 
-বাসস