আমিরকে চড় দিলে লাখ রুপি পুরস্কার: শিবসেনা

 
আমিরকে চড় দিলেই পাওয়া যাবে লাখ রুপি পুরস্কার! বিষয়টা মোটেও কোন প্রচারণামূলক বা বিনোদন স্ট্যান্ডবাজি নয়। সত্যিকার অর্থেই বলিউড তারকা আমির খানকে চড় দিতে পারলে এক লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে শিবসেনা। জানা যায়, শিবসেনার পাঞ্জাব শাখা এই পুরস্কার ঘোষণা করেছে।
 
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার শিবসেনার পক্ষ থেকে এই ঘোষণা আসে। সেখানে তারা বলে, 'যে কেউ আমিরকে চড় দিলে শিবসেনার পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার পাবে। এটা খুবই গুরুত্বপূর্ন। কারণ এই দেশে বসবাসকারী কোন মানুষের ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস হতে পারে না। এর এই ক্ষেত্রে হোটেল স্টাফ থেকে শুরু করে চলচ্চিত্রের সঙ্গে জড়িত যে কেউ শিবসেনার পক্ষ হয়ে কাজটি করে পুরস্কার জয় করতে পারে।'
 
দঙ্গল  ছবির শুটিংয়ের কাজে আমির এখন লুধিয়ানায়। লুধিয়ানায় যেখানে আমির থাকছেন, তার বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনার কর্মী-সমর্থকরা। সংগত কারণে আমিরের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বিক্ষোভে আমিরের ছবি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়। পাঞ্জাবে শিবসেনার প্রধান রাজীব ট্যান্ডন নিজেই আমিরকে চড় মেরে লাখ টাকা পুরস্কার নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।
 
উল্লেখ্য, সোমবার একটি অনুষ্ঠানে যোগদান করে আমির খান দেশটির সম্প্রতিক ধর্মিও অসহিষ্ণুতা প্রসঙ্গে বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে উদ্বিগ্ন তার স্ত্রী কিরণ। কারণ, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য দেশ ছাড়ার কথা বলছে সে। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। অবশ্য আমির জানিয়েছিলেন, দেশ (ভারত) ছেড়ে কোথাও যাবেন না।