উন্নয়নে পাশে থাকবে চীন: প্রধানমন্ত্রীর আশাবাদ

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে চীন এদেশের পাশে থাকবে এবং চীন ও অন্যান্য বন্ধুপ্রতীম দেশের সহায়তায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১’র মধ্যে এক উন্নত দেশে পরিণত হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
 
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তর বিষয়ক ভাইস মিনিস্টার চেং ফেংজিয়াংযের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
 
বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থনের জন্য চীন সরকার ও চীনের বন্ধুপ্রতীম জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছে।
 
কর্ণফুলি নদীর নিচ দিয়ে টার্নেল নির্মাণে সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের ব্যাপক অবদান রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
IMG0
শেখ হাসিনা বিভিন্ন খাতের উন্নয়নে তার সরকারের কর্মসূচি ও পরিকল্পনার উল্লেখ করে বলেন, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। শিক্ষার সম্প্রসারণে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে এবং পল্লীর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়েছে।
 

বাংলাদেশ এখন জ্বালানি ও অবকাঠামো খাতে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিপুল জনসংখ্যা অধ্যূষিত এই বাংলাদেশের এখন প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন। শেখ হাসিনা জঙ্গীবাদের ক্ষেত্রে তাঁর সরকারের জিরো টলারেন্সের কথাও উল্লেখ করেন।