শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের দায়ের কোপে শাহাব উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শাহাব উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের শালধা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। রবিবার সকালে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহাব উদ্দিন নিজের বোরো ধান ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিবেশি নুর-মোহাম্মদের ছেলে হেলাল রাম দা দিয়ে পেছন থেকে শাহাব উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাথারিভাবে কোপ দেয়। এতে শাহাব উদ্দিন গুরুতরভাবে আহত হন। আহত শাহাব উদ্দিনকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হেলালের ব্যবহৃত রাম দাটি উদ্ধার করে। হেলাল এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে হেলাল ও তার পরিবারের অন্যান্য লোকজন গা ঢাকা দিয়েছে। ফলে শাহাব উদ্দিনকে খুনের সঠিক তথ্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহাব উদ্দিনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্তের কাজ চলছিল।
আরও পড়ুন: মোদী দেখতে জঙ্গির মতো, তিনি মানুষকে ভয় দেখান: কংগ্রেস নেত্রী
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হেলালের আত্মীয়দের সঙ্গে হেলালের আগের একটি দ্বন্দ্ব চলছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের সময় শাহাব উদ্দিন দ্বন্দ্বটি মিটিয়ে দেন।আর এ ঘটনাকে কেন্দ্র করেই শাহাব উদ্দিন খুন হয় বলে প্রাথমিক তথ্য পেয়েছে থানা পুলিশ।’
ইত্তেফাক/কেকে