ভারতে কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেছেন, দেশে সংবিধানের মূলনীতিই আজ বিপন্ন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে এই কথা বলেন তিনি। গতকাল ছিল ভারতের সংবিধান দিবসও। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অসহিষ্ণুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
পার্লামেন্টে সরকারের কঠোর সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, সংবিধানে যাদের আস্থা নেই, সংবিধান রচনায় যাদের পূর্বসূরীদের কোনো ভূমিকা নেই তারাই আজ সংবিধানের নামে শপথ নিচ্ছেন। এর চেয়ে বড় হাস্যকর ব্যাপার আর কি হতে পারে! তিনি বলেন, সংবিধান দিবসে ভারাক্রান্ত হয়ে বলতে হয়, দেশের সংবিধানের যেসব নীতি দশকের পর দশক আমাদের পথ দেখিয়েছে, সেই নীতিগুলোই এখন গভীর সংকটে।
তিনি বলেন, সংবিধান ভাল হলেও কোনো লাভ হয় না। কারণ যারা এর বাস্তবায়ন করে তারা যদি খারাপ হয় তাহলে সংবিধানও খারাপ হয়ে যায়। যদি তারা ভাল হয়, তাহলে সংবিধানও ভাল হয়। সোনিয়া গান্ধীর সুরে কথা বলেছেন মমতা ব্যানার্জিও। তিনি বুধবার রাতে এক টুইটার বার্তায় বলেন, সংবিধানের মূল ভাবধারা রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।