ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দেওয়ালী উৎসবে গ্রাহক টানার দিক থেকে শীর্ষস্থান দখল করেছে অ্যামাজান ইন্ডিয়া। প্ল্যাটফর্মটি কেবল অক্টোবর মাসে ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ২০ কোটি ভিজিটর টেনেছে। ইন্টারনেট গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর সম্প্রতি এই তথ্য জানিয়েছে।
অক্টোবরে অ্যামাজান ইন্ডিয়ার তুলনায় তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট ১৬ দশমিক ৪ কোটি ভিজিটর এবং স্ন্যাপডিল ১০ দশমিক ৯ কোটি ভিজিটর পেয়েছে। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের নভেম্বরের মধ্যে দ্রুত বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবেও শীর্ষে রয়েছে অ্যামাজান ইন্ডিয়া।
গত বছর অক্টোবরে অ্যামাজান ইন্ডিয়া ভিজিট করেন ৮ দশমিক ৫ কোটি ভিজিটর, ফ্লিপকার্ট ভিজিট করেন ১৪ কোটি ভিজিটর এবং স্ন্যাপডিল ভিজিট করেন ৯ কোটি ভিজিটর। অক্টোবরে অ্যামাজানের মোট বিক্রির ৭০ শতাংশের বেশি হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। বাকি ৩০ শতাংশ হয়েছে ডেস্কটপ থেকে।
গত মাসে অ্যামাজান ইন্ডিয়া জানিয়েছে, তাদের সেলার সংখ্যা ২৫০ শতাংশের বেশি বেড়েছে। ভারত জুড়ে ২১টি সেন্টার রয়েছে অ্যামাজান ইন্ডিয়ার। গত বছরের তুলনায় এসব সেন্টারের স্টোরেজ সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে।
বোস্টন কনসাল্টিং গ্রুপের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের ই-কমার্স শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে এই খাত ২০১৯ সালে ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা অতিক্রম করবে। এনডিটিভি।