আমিরের জন্য আত্মহত্যা!

 
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড অভিনেতা আমির খান মুখ খোলার পর দেশটির রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। এই উত্তাপ ভারতের রাজনীতি ছেড়ে আমির ভক্তদের পরিবারগুলোতেও উত্তাপ ছড়াতে শুরু করেছে। আমির বিতর্ক নিয়ে আত্মহননের ঘটনা ঘটছে মধ্যপ্রদেশে।
 
আমিরের মন্তব্য সঠিক, নাকি ভুল—এ নিয়ে স্বামীর সঙ্গে তর্কের একপর্যায়ে আত্মহত্যা করেছেন আমির খানের ভক্ত এক নারী। গত বুধবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর শহরের কোতোয়ালি এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
 
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যে ওই দিন স্বামী ময়ঙ্ক পান্ডের সঙ্গে সোনম পান্ডের (২৭) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোনম বিষ পান করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
 
ঘটনার পর ময়ঙ্ক পুলিশের কাছে স্বীকার করেন যে আমিরের মন্তব্য নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল।
 
ময়ঙ্কের বাবা আর পি পান্ডে জানান, তার পুত্রবধূ সোনম আমিরের ভক্ত।
 
সোমবার একটি অনুষ্ঠানে যোগদান করে আমির খান দেশটিতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে উদ্বিগ্ন তার স্ত্রী কিরণ। কারণ, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য দেশ ছাড়ার কথা বলছে সে। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। অবশ্য আমির জানিয়েছিলেন, দেশ (ভারত) ছেড়ে কোথাও যাবেন না।