মিস ওয়ার্ল্ড কানাডাকে চীনে ঢুকতে বাধা

 
চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না কানাডার প্রতিযোগী আনস্তাসিয়া লিন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১৯ ডিসেম্বর চীনের পর্যটন শহর সানিয়ায় অনুষ্ঠিত হবে।
 
চীন সরকারের কাছ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো আমন্ত্রণপত্র না পাওয়ায় চীনা বংশোদ্ভূত লিন ভিসার আবেদন করতে পারেননি। এরপরও তিনি পর্যটক হিসেবে হংকং হয়ে সানিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। হংকংয়ে কানাডার নাগরিকদের অন এরাইভাল ভিসা করার সুযোগ রয়েছে।
 
কিন্তু হংকং বিমানবন্দরেও ২৫ বছর বয়সী লিনকে আটকে দেয়া হয়। চীনে ঢুকতে বাধা দেয়া তার অধিকারের লঙ্ঘন বলে মনে করেন লিন। লিনের অভিযোগ, বিমানে ওঠার জন্য হংকং বিমানবন্দরের ড্রাগনএয়ার কাউন্টার দিয়ে প্রবেশ করার সময় তাকে আটকে দেয়া হয়। লিনকে জানিয়ে দেয়া হয়, তিনি সানিয়ায় প্রবেশ করতে পারবেন না।
 
বিবিসি’র পক্ষ থেকে ড্রাগনএয়ারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার’ অজুহাত দেখিয়ে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তারা।
 
মিস কানাডা নির্বাচিত হওয়ার পর আনস্তাসিয়া লিন চীন সরকারের বিরুদ্ধে জনগণের উপর ‘দমন ও বিধিনিষেধ’ আরোপের কড়া সমালোচনা করেন। বিশেষ করে, 'ফালুন গং' এর ওপর চীন সরকারের নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা করেন তিনি।
 
লিন আমন্ত্রণপত্র না পাওয়ার বিষয়টি প্রথম গণমাধ্যমকে জানানোর পর বিবিসি’র পক্ষ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
 
২০০৩ সালে চীন থেকে কানাডা চলে যান ১২ বছর বয়সী লিন। লিনের বাবা এখনো চীনে বাস করেন এবং তার কারণে তার বাবাকেও কর্তৃপক্ষ হেনেস্তা করছে বলে তিনি দাবি করেন। ১৯৯২ সালে চীনে আধ্যাত্মিক আন্দোলন হিসেবে ফালুন গং চর্চা শুরু হয়, যার প্রতিষ্ঠাতা লি হংঝি।
 
শুরুতে চীন কর্তৃপক্ষ একে ধর্মীয় বিশ্বাস বলে মেনে নিয়েছিল। দ্রুত ফালুন গং অনুগামীর সংখ্যা বাড়তে থাকে। ১৯৯৯ সালে ফালুন গং অনুগামীরা সরকারের কাছে স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে চীন সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং ধরপাকড় শুরু করে।