মৃত্যুশয্যায় নিজের ও মেয়ের বিয়ে

 
মৃত্যুশয্যায় নিজের সহ মেয়েরও বিয়ে দিলেন এক মার্কিন বাবা। যেকোনো সময় মৃত্যু হতে পারে এমন অবস্থায় তিনি নিজে বিয়ে করেন। একই সঙ্গে তিনি তার একমাত্র কন্যাকেও বিয়ে দেন।
 
জুবেল কিরবি নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি ফুসফুসের একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। ডাক্তার জানিয়ে দিয়েছেন এই রোগের চিকিৎসা করে বিশেষ কোন ফল হবে না।
 
সোমবার জুবেল তার দীর্ঘদিনের সঙ্গী কোলেন কিরবিকে বিয়ে করেন। তারা প্রায় ২৬ বছর ধরে একসঙ্গে বাস করছেন। এতো দিনেও তাদের মনে হয়নি যে বিয়ে করা প্রয়োজন। কিন্তু যখন জুবেল ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়লেন এবং তারা বুঝতে পারলেন যে হাতে সময় খুব একটা নেই। হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিলেন বিয়ে করার।
 
এরপরই তার মেয়ে কাইলা সিদ্ধান্ত নেন তার বিয়েটাও তার বাবার উপস্থিতিতেই হবে। যদিও কাইলা এবং তার বন্ধু ড্যানিয়েল হেলেই ২০১৬ সালের ১৬ জুলাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার বিয়ের সিদ্ধান্ত জেনে হাসপাতালেই বিয়ের কাজ সেরে ফেলেন তারা। সূত্র: এনডিটিভি