ভারতে হাসপাতালে নার্সের লালসার শিকার মার্কিন তরুণী

 
ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে পুরুষ নার্সের লালসার শিকার হলেন এক মার্কিন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুরুষ নার্স সুমিত-কে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর। পড়াশোনার কাজেই বন্ধুদের সঙ্গে ভারতের বেঙ্গালুরু এবং মহীশূরে এসেছিলেন ওই তরুণী। তিন দিন ঘোরাঘুরির পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি।
 
এ সময় পরীক্ষার পর তাঁকে সাময়িকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল রুমে চেক আপের নামে ওই পুরুষ নার্স সুমিত এসে তরুণীকে যৌন হেনস্থা করে। তরুণী বারবার বারণ করার পরেও সে কোনও কথা কানে তোলেনি।
 
পর দিন ঘটনাটি তাঁর বন্ধুদের জানায় মার্কিন মেয়েটি। বন্ধুরাই পুলিশের সাহায্য নিতে বলে তাঁকে। সেই মতো পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
 
তবে তরুণীর অনুরোধ ছিল, ব্যাপারটির যেন গোপনীয়তা রক্ষা করা হয়। ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই সুমিত-কে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে সে দিনের সিসিটিভি ফুটেজও তুলে দেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
প্রতি বছর প্রায় ৪ লাখ বিদেশি পর্যটক আসেন মহীশূরে। কিন্তু এ ধরনের ঘটনা যে শহরকে বিশ্বের কাছে যথেষ্ট অপদস্থ করবে তা বলাই বাহুল্য। যদিও পুলিশের এক বড় কর্মর্তার বক্তব্য, 'এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে আমরা এটা কোনোভাবেই ছোট করে দেখতে নারাজ। আমরা বিশ্বের কাছে এই বার্তা দিতে চাই, যে মহীশূর পর্যটকদের জন্য সুরক্ষিত রয়েছে এবং থাকবে।'