প্রচারণায় এমপিদের সুযোগ চায় আওয়ামী লীগ

 
আসন্ন পৌর নির্বাচনে প্রার্থীদের পক্ষে স্থানীয় সংসদ সদস্যদের প্রচারের সুযোগ দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এই কথা বলেন।
 
এর আগে মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হানিফ।
 
তিনি বলেন, পৌর নির্বাচনের বিদ্যমান আচরণবিধিতে সংসদ সদসদের প্রার্থীদের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা থাকায় তাদের ‘অবলিগেশন’ তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনে। সংসদ সদস্যরা কোনো এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করেন না, সরকারের সুবিধা ভোগ করেন না। দলভিত্তিক স্থানীয় নির্বাচনে এমপিদের প্রচারণায় যাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। এজন্য বিদ্যমান নিষেধাজ্ঞা রহিত করে আমরা প্রচারণার সুযোগ দিতে বলেছি।
 
দলীয় নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে হানিফ বলেন, স্থানীয় নির্বাচনে প্রচারণা করা সংসদ সদস্যদের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত না করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
 
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের দাবির বিষয়টি পুরো কমিশনের সঙ্গে আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।
 
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো ছিলেন আবদুস সোবহান গোলাপ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী ও আফজাল হোসেন।