আসন্ন পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ না রাখার দাবি জানিয়েছে বিএনপি। রবিবার পৌনে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সামছুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, এসএম আবদুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন ও শায়রুল কবির।
এর আগে, দুপুর ১২টার দিকে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণায় এমপিদের অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ ছাড়া সকালে একই দাবি রাখার পাশাপাশি পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা ১০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছে জাতীয় পার্টি।