‘সৈয়দপুর বিমানবন্দর নেপাল ব্যবহার করতে পারে’

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে নেপাল তাদের আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া যোগাযোগের জন্য চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দরও ব্যবহার করতে পারবে দেশটি।
 
রবিবার বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম।
 
ইহসানুল করিম সাংবাদিকদের জানান, নেপাল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় নেপালকে আরো সহায়তা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
 
প্রেসসচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের সহয়তার কথা স্মরণ করেন।  এসময় তিনি সার্কভুক্ত দেশগুলোর উচ্চপর্যায়ে আরো যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
 
সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত নেপালের রাষ্ট্রপতি বিদ্যাপতি ভান্ডারি ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দুটি অভিনন্দন বার্তা শেখ হাসিনাকে হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।