সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন আর কোন রঙিন স্বপ্ন নয়, এটা এখন দৃশ্যমান বাস্তবতা। কোন ষড়যন্ত্র ও চক্রান্তই আওয়ামী লীগ সরকারের পদ্মা সেতু নির্মাণকে বাধাগ্রস্ত করতে পারেনি।
রবিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে সেনা ক্যাম্পের সম্মেলন কক্ষে আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর মূল কাজ ও নদী শাসন কাজের উদ্বোধন উপলক্ষে প্রন্তুতিমূলক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি বিভিন্ন চক্রান্ত্রের অংশ হিসেবে যখন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু থেকে ফান্ড প্রত্যাহার করে, তখন অনেকেই পদ্মা সেতু নির্মাণ নিয়ে সংশয়ে ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকল সংকট কাটিয়ে পদ্মা সেতু নির্মাণ এখন বাস্তব সত্য।
মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শত ভাগ স্বচ্ছতার মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ করা হচ্ছে।
এর পূর্বে মন্ত্রী ঠিকাদারী প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।-বাসস।