রুশ পাইলটের মৃতদেহ ফেরত দিবে তুরস্ক

 
রুশ যুদ্ধবিমানের পাইলটের মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। সিরিয়া সীমান্তের কাছে জ্বলন্ত বিমানটি থেকে দুই পাইলট প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও বিদ্রোহীদের গুলিতে তাদের একজন নিহত হন। তুরস্ক জানিয়েছে নিহত সেই পাইলটের মৃতদেহ তাদের কাছে রয়েছে।
 
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু নিহত পাইলট লেফটেনেন্ট কর্নেল ওলেগ পেশকভের মরদেহ রাশিয়ার কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন। গত সপ্তাহে একটি এসইউ-২৪ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। এই ঘটনার পর দেশটি অভিযোগ করে, যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
 
এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর তুরস্কের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। সিরিয়ায় অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছাড়াও দেশটি তুরস্কের সঙ্গে ভিসামুক্ত যাতায়াত সুবিধাও বন্ধ করার ঘোষণা দিয়ে রেখেছে।
 
ভূপাতিত বিমানের অপর পাইলটকে সিরিয়ার স্পেশাল ফোর্স ১২ ঘণ্টা অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করে। সূত্র: বিবিসি