‘গ্রামে তথ্য প্রযুক্তির ব্যবহারেই ভিশন ২০৪১ সফল হবে’

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, ‘প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের সেবা প্রদান করতে দেখে আমি মুগ্ধ। গ্রামে তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করলেই বর্তমান সরকারের ভিশন ২০৪১ সফল হবে।’
 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি গ্রামে বেসরকারি সংস্থা ডিনেটরের আয়োজনে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান সম্পর্কিত একটি উঠান বৈঠক পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় অবদান রাখছে। তবে এর ভালোর দিকের চেয়ে এক শ্রেণির মানুষ কুফল দিকটাই বেশি প্রচার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায়তারা করছে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরকালে এ ধরনের আশঙ্কার কথা ভেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাশকতা প্রতিরোধে সাময়িকভাবে ফেসবুক বন্ধ রেখেছে।’
 
এতে অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, ডিনেটর সিলেট বিভাগীয় উপ-পরিচালক শেখ মাসুদুর রহমান, চিফ অপারেটিং ম্যানেজার মিজানুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল  উপস্থিত ছিলেন।