শরণার্থীদের থামানোর বিনিময়ে তুরস্ককে নগদ অর্থের প্রস্তাব

 
শরণার্থীদের ইউরোপে ঢুকতে বিরত রাখতে আনুষ্ঠানিকভাবে তুরস্কের সহায়তা চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃবৃন্দ। এর বিনিময়ে বেক কিছু সুবিধা দেয়ার প্রস্তাবও দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ ও ইইউর সদস্যপদ পাওয়ার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া।
 
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রবিবার এ নিয়ে তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার আশায় বৈঠক করেছেন নেতারা। এর আগে অনুরূপ প্রস্তাব নিয়ে আঙ্কারা সফরে গিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
 
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপের সঙ্গে দর কষাকষিতে বেশ শক্ত অবস্থান নিয়েছেন। চূড়ান্ত ঐকমত্যে পৌঁছনোর লক্ষ্যে রবিবার ইইউর ২৮টি দেশের নেতাদের ঘর্মাক্ত হতে হয়েছে।
 
শুধুমাত্র এ বছরই সাগর পাড়ি দিয়ে ও স্থলপথে প্রায় ১০ লাখ শরণার্থী ইউরোপে গিয়ে পৌঁছেছে। সিরিয়া ও উত্তর আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে যাওয়া এসব শরণার্থীদের বড় অংশই জার্মানিতে আশ্রয় নিয়েছেন।