পাকিস্তানে ট্রেন-লরি সংঘর্ষ, নিহত ১

পাকিস্তানে ট্রেন ও লরির সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০জন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের প্রেমনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর ডনের।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, করাচি এক্সপ্রেস ট্রেনটি বাচোকি লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর আগে দায়িত্বরত কর্মকর্তা গেট বন্ধ করতে শুরু করেন। কিন্তু লরিটি এর মধ্যেই ট্রেন লাইনে উঠে যায়। এ সময় দ্রুতগতির ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।
 
আহতদের মধ্যে পাকিস্তান রেলওয়ের কমার্শিয়াল ম্যানেজার (ফ্রেইট), তার সহকর্মী ও ট্রেনের চালক রয়েছেন।
 
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।