গিনিতে গণপিটুনিতে নিহত ৪

গিনির পূর্বাঞ্চলে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গ্রেফতারের পর তারা থানায় আটক ছিল। রবিবার বিক্ষুব্ধ জনতা কারাগার থেকে তাদের টেনে হিঁচড়ে বের করে পিটিয়ে হত্যা করে। খবর এএফপি’র।
 
কউরউসা শহরে বসবাসকারী ছাত্র আলসেনি বাহ বলেন, ‘বিক্ষুব্ধ জনতা জোর করে কারগারে ঢুকে স্বর্ণ বিক্রেতার সন্দেহভাজন হত্যাকারীদের পিটিয়ে হত্যা করে। আমি ওই চার ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। এদের একজনকে পেটানোর পর জীবন্ত অবস্থায় শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।'
 
গত ১ নভেম্বর কউরোউসায় স্বর্ণ বিক্রেতা কাবা কামারা অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হন। তিনি পার্শ্ববর্তী সিগুইরি শহরে বাস করতেন।
 
স্থানীয় এক কর্মকর্তা জানান, ‘কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’