ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনের উদ্বোধন উপলক্ষে রবিবার আইফেল টাওয়ার ‘সবুজ গাছে’ পরিণত হয়েছে। সারাবিশ্বে বনায়নের সর্মথনে টাওয়ারের গায়ে ভার্চুয়াল ট্রি’র প্রতিবিম্ব ফেলা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও অস্কার বিজয়ী ফরাসি অভিনেত্রী ম্যারিয়ন কোশিলার্দ সপ্তাহব্যাপী ‘এক হূদয় এক গাছ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় স্মার্টফোন ব্যবহারকারীরা আইফেল টাওয়ারে গাছ স্থাপনের সুযোগ পান।
IMG0
প্রকল্পের ডিজিটাল আর্টিস্ট নাজিহা মিসতাউ বলেন, প্রত্যেকে আইফেল টাওয়ারে কার্যত একটি গাছ স্থাপন করতে পারবেন। এটা তাদের হূদয়কে জাগরিত করবে এবং এই ভার্চুয়াল ট্রি প্রকৃতপক্ষে বনায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে।
স্মার্টফোন ব্যবহারকারীরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লাইটিং ও ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে একটি গাছের ছবি, তাদের নাম ও একটি সংক্ষিপ্ত বার্তার প্রতিবিম্ব টাওয়ারের ওপর ফেলেন।
IMG1
২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল, সেনেগাল, ভারত, ফ্রান্স, পেরু ও আইভরি কোস্টের বিভিন্ন এলাকায় বনায়ন প্রক্রিয়া শুরু হবে। খবর: এএফপি।