গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগ নেতা জালালউদ্দিন সরকার হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর আড়াইটায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা হলেন-ফারুক হোসেন, বেলায়েত হোসেন বেল্টু, আবদুল আলিম, আতাউর, ফরহাদ, জয়নাল, জজ মিয়া, আলামিন, হালিম ফকির, জুয়েল, ও মাহবুবুর রহমান। এদের মধ্যে আদালতে ছয়জন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
IMG0
গাজীপুরের জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ জানান, ২০০৩ সালের ১৭ আগস্ট গাজীপুরের কাপাসিয়া উপজেলার বলখেলা মাঠ এলাকোয় উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন সরকারকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। ২০০৪ সালের ২৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেয়।
রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিহত জালাল উদ্দিন সরকারের পিতা আমজাদ হোসেন, মা হালিমা বেগম, মেয়ে হৃদি, ভাইমিলন সরকার উপস্থিত ছিলেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তারা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে ছিলেন ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান।