অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

 
কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই আশে দেন।
 
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম রোকন আলী মণ্ডল। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।
 
আদালত সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামের ভ্যানচালক রোকন ২০১১ সালের ২৬ আগস্ট তার ভ্যানটি বিক্রি করে জুয়া খেলে। বাড়িতে ফিরে তিনি ঘটনাটি স্ত্রী লাইলী বেগমকে জানান। এতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকন আট মাসের অন্তঃসত্ত্বা লাইলীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশটি বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গলের মধ্যে গুম করা হয়। পরবর্তীতে অর্ধগলিত লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।
 
এই ঘটনায় লাইলীর নিহতের পিতা লাল চাঁদ মণ্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ওসি জাহির হোসেন রোকন মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশট দাখিল করেন। আসামিও ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত।
 
শুনানিতে সরকার পক্ষে ছিলে সরকারি কৌসুলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গালিব এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুল আলম শ্যাম।