মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মসজিদে পোপ ফ্রান্সিস

 
পোপ ফ্রান্সিস মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানীর একটি মসজিদ পরিদর্শন করেছেন। সোমবার দেশটির রাজধানী বাংগুইর মসজিদটিতে যান পোপ।
 
মসজিদটিতে তিনি এলাকার মুসলিম নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাত করেন। মুসলিম অধ্যুষিত এলাকাটি সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক হানাহানির কেন্দ্রস্থল ছিল এই এলাকা।
 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কঠোর নিরাপত্তা সত্ত্বেও পোপের সাক্ষাত পাওয়ার জন্য মসজিদে শত শত লোক অপেক্ষা করেন। পোপের আসার খবরে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। স্থানীয় মুসলিম নেতাদের সাক্ষাতের পর ফ্রান্সিস সাম্প্রদায়িক ঐক্য জোরদারের লক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেন।
 
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরের মধ্যদিয়ে পোপের তিন দেশ সফর কর্মসূচি শেষ হচ্ছে। ভ্যাটিকান সিটিতে ফিরে যাওয়ার আগে তিনি স্টেডিয়ামে বড় একটি প্রার্থনা সভায় অংশ নেবেন।