জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয় সিনেমা হল থেকে বহিষ্কার

 
ভারতের মুম্বাইতে একটি সিনেমা হলে ছবি শুরু আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে না দাঁড়ানোয় একটি মুসলিম পরিবারকে হল থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দেশটিতে বিতর্ক চরমে ওঠার পর এই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করেছে।
 
মোবাইল ফোনে ধারণ করা এই গোটা ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিনেমা হলের অন্য দর্শকরা ওই পরিবারটিকে ঘিরে ধরে শাসাতে থাকেন। এর একপর্যায়ে পরিবারটি বেরিয়ে যেতে বাধ্য হলে হলভর্তি দর্শক হাততালি দিয়ে ওঠে।
 
জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর রীতি চালু থাকলেও এর কোন আইনগত বাধ্যবাধকতা নেই।
 
চার সদস্যের একটি মুসলিম পরিবার ওই থিয়েটারে দেখতে এসেছিলেন সদ্য মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার ‘তামাশা’। রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনে অভিনীত ওই ছবিটি শুরু হওয়ার আগে হলে বাজানো হচ্ছিল ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক – তখন কোনও কারণে ওই পরিবারটি উঠে দাঁড়ায়নি।
 
কিন্তু তার পরই তাদের ওপর যা শুরু হয় – সেটাও এক করুণ তামাশা ছাড়া কিছুই নয়! হলের বেশ কয়েকজন দর্শক উত্তেজিতভাবে ঘিরে ধরে তাদের কৈফিয়ত তলব করতে থাকেন।
 
একজনকে স্পষ্ট থাপ্পড় মারার হুমকি দিতেও শোনা যায়। দু’চার মিনিট ধরে এই শাসানি চলার সময় ওই পরিবারটি বসে বসেই কিছু জবাব দেওয়ার চেষ্টা করছিলেন, তবে তাদের কথা রেকর্ডিংয়ে শোনা যায়নি।
 
শেষে মাল্টিপ্লেক্সের কর্মীরাও এসে তাদের উঠে যেতে বললে চারজন হল থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। বাকি হল তখন একসঙ্গে করতালি দিয়ে ওঠে।
 
এই ঘটনার ভিডিও ফেসবুক-ইউটিউবে দ্রুত ছড়িয়ে পড়ার পরই ভারতীয়রা কার্যত দুই ভাগ হয়ে গেছেন। কেউ কেউ বলছেন, জাতীয় সঙ্গীতের অমর্যাদা করার অধিকার কারও নেই। অনেকেই আবার যুক্তি দিচ্ছেন, তারা দাঁড়ান বা না-দাঁড়ান, হল থেকে তাদের বের করে দেওয়াটা কিছুতেই সমর্থন করা যায় না। ভারতে অসহিষ্ণুতা নিয়ে এই মুহূর্তে যে বিতর্ক চলছে, তাতেও এই ঘটনাটা আলাদা মাত্রা পেয়ে গেছে। সূত্র: বিবিসি