১৬ বছর পর মাকসুদ ও ঢাকার মিউজিক ভিডিও

সম্প্রতি রিলিজ পেয়েছে মাকসুদ ও ঢাকার নতুন মিউজিক ভিডিও। গত বছরের ‘শব্দচিত্র’ অ্যালবামের ‘জাগরণের মন্ত্রণা’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হলো এবার। গানটিতে মূলত এখনকার সময়ের ভার্চুয়াল জগতের বিষয় উঠে এসেছে।
 
প্রায় ১৬ বছর পর তাদের এই নতুন মিউজিক ভিডিওটি রিলিজ পেল। এর আগে ১৯৯৯ সালে তাদের শেষ মিউজিক ভিডিও রিলিজ পায়। এরপর অডিও গান রিলিজ পেলেও কোনো মিউজিক ভিডিও করেনি ব্যান্ডটি।
 
ভিডিওটি প্রসঙ্গে ব্যান্ডের কর্ণধার মাকসুদ বলেন, ‘মিউজিক ভিডিও এখন সময়ের প্রয়োজন। ১৬ বছর পর নতুন কোনো পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও রিলিজ পেল। যদিও এর আগে খণ্ড একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানের সাথে সামঞ্জস্য রেখেই ভিডিওটি করা হয়েছে। আশা করি দর্শকদের ভিডিওটি ভালো লাগবে।’ শিগগিরই বিভিন্ন চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচার শুরু হবে।