সৌদি আরবকে আল কায়েদার হুমকি

 
সৌদি আরব সরকারকে হুমকি দিয়েছে আল কায়েদার ইয়েমেন শাখার জঙ্গিরা। সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ৫০ জনেরও বেশি বন্দীকে শিরশ্ছেদ করার পরিকল্পনা জানানোর পর সামাজিক টুইটারে এই হুমকি দেয়া হয়। শিরশ্ছেদের তালিকায় থাকাদের মধ্যে আল কায়েদার সদস্য রয়েছে।
 
আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) বিশ্বব্যাপী ক্রিয়াশীল জঙ্গিসংগঠনগুলোর মধ্যে অন্যতম নৃশংস সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। একিউএপির পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি কারাগারে থাকা আল কায়েদা সদস্যদের শিরশ্ছেদ করার পেছনের কারণ সম্পর্কে তারা সচেতন রয়েছেন। এর প্রতিক্রিয়ায় হামলা চালানোর অঙ্গিকার করে একিউএপি।
 
'আল্লাহর নামে আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের বন্দীদের রক্ত ঝরার আগেই আমদের নিজেদের রক্ত ঝরবে। আমাদের সঙ্গীদের পবিত্র রক্ত শুকাবে না যতক্ষণ না সৌদি সেনাদের রক্ত ঝরে।' টুইটারে এক পোস্টে এমনই হুমকি দিয়েছে একিউএপি। আরো বলা হয়, 'সৌদি শাসকদের গর্দান না নেয়া পর্যন্ত আমরা জীবনকে উপভোগ করব না।'
 
সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছিল, দেশটির কর্তৃপক্ষ সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ৫০ জনেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করছে। সূত্র: বিবিসি