'মৌলবাদ সবসময় বিয়োগান্তক ঘটনা। এটা কোন ধর্ম নয়। এর মধ্যে প্রভুকে খুঁজে পাওয়া যায়না, এটা পৌত্তলিকতা।' আফ্রিকার তিন দেশ সফর শেষে সোমবার দেশে ফেরার পথে বিমানে উঠার সময় এসব কথা বলেন পোপ ফ্রান্সিস। আফ্রিকা সফরকালে তিনি ধর্মীয় সম্প্রীতি ও আশার বাণী শোনান। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, প্রথমবারের মতো আফ্রিকা সফর করলেন পোপ ফ্রান্সিস। বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের এই নেতা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরকালে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পিকে পাঁচ জেলার কৌওদুকু এলাকার একটি মসজিদ পরিদর্শনের সময় তাকে হাজার হাজার লোক স্বাগত জানান। রাজধানী বাঙ্গুইয়ের পিকে পাঁচ এলাকায় থাকা মুসলমানদের সঙ্গে কথা বলেন পোপ। তিন বছরের খ্রিষ্টান-মুসলমান দাঙ্গায় বাস্তুচ্যুত হয়ে শহরের পিকে এলাকায় আশ্রয় নেয় কয়েক হাজার মুসলমান।
পোপের চলমান আফ্রিকা সফরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল বাঙ্গির এই মসজিদ পরিদর্শন এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, 'খ্রিস্টান ও মুসলমানরা একে অপরের ভাইবোন। আমাদেরকে অবশ্যই একসঙ্গে বলতে হবে, কোন ঘৃণা নয়, কোন প্রতিশোধ নয় এবং কোন সহিংসতা নয় বিশেষ করে যে সহিংসতা ধর্ম ও মহান প্রভুর নামে করা হয়।'