ঢাকায় বাড়ছে জলবায়ু উদ্বাস্তু: গার্ডিয়ান

দেশের গ্রামাঞ্চল থেকে রাজধানী ঢাকায় প্রতিদিন নতুন করে দুই হাজার লোক প্রবেশ করছে। এটা তেমন নতুন কোনো খবর নয়। নতুন খবর হল জলবায়ু পরিবর্তনের ফলে এর গতি বাড়ছে। আর ঢাকায় জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যাও বাড়ছে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
 
শুধু বাংলাদেশ নয় আগামী দশকগুলোতে পুরো বিশ্বব্যাপীই সমুদ্র উপকুলীয় এলাকাগুলো থেকে কোটি কোটি উদ্বাস্তু পাড়ি জমাবেন শহরাঞ্চলে। এর ফলে ২০৬০ সাল নাগাদ বিশ্বে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা দাঁড়াবে প্রায় ১০০ কোটি।
 
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যেখানে বছরে মাথাপিছু যথাক্রমে ১৭ ও ৭.১ মেট্রিক টন করে কার্বন নিঃসরণ করে সেখানে বাংলাদেশ করে মাত্র ০.৪ মেট্রিক টন। অথচ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আগামী ৩০ বছরের মধ্যেই বাংলাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। আর ২০৮০ সালের মধ্যে সমুদ্রের উচ্চতা বাড়বে আরো দুই ফুট।
 
বিশ্বব্যাংকের হিসেব মতে, প্রতি বছর ৪ লাখ নতুন লোক ঢাকায় প্রবেশ করে। আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসেব মতে ঢাকার বস্তিবাসীদের ৭০ শতাংশই কোনো না কোনো ধরনের পরিবেশগত বিপর্যয়ের কারণে বাস্তুচ্যুত হয়েছেন। দ্য গার্ডিয়ান